মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ফাইল ছবি

 

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুন্না (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার রাত ১২টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না সপরিবারে মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্প এলাকাতেই বসবাস করতেন। তার বাবার নাম মইন উদ্দিন।

দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

নিহতের মেয়ে আনিছা বেগম জানান, তার বাবা রাত পৌনে ১২টার দিকে বাসায় আসছিলেন। এর মধ্যেই বাসার অদূরে কৃষি মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।