টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ১০ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কামরুজ্জামান (৫৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর নামাবাজার এলাকার আছহাবে সুফফা ইসলামিয়া নুরানি মাদ্রাসা থেকে তাকে আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে মাদ্রাসার ক্লাস রুমের পাশে থাকা একটি দোকানের ভেতর ছাত্রীকে বসতে বলেন ওই শিক্ষক। কিছুক্ষণের মধ্যে দোকানে এসে শিক্ষক কামরুজ্জামান ছাত্রীর শরীরের স্পর্শকাতরস্থানে হাত দেন। এরপর বেলা ১১টার দিকে মাদ্রাসা ছুটি হলে ওই শিক্ষার্থী বাসায় গিয়ে তার মাকে কান্নাজড়িত কণ্ঠে বিষয়টি জানায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ বস্তিবাসী ওই শিক্ষককে আটক করেন। পরে টঙ্গী পশ্চিম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মাদ্রাসাশিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।