মুক্তি পেল ৩৪ তারকা নিয়ে নির্মিত সিনেমা ‘ওয়েলকাম ৩’

মুক্তি পেল ৩৪ তারকা নিয়ে নির্মিত সিনেমা ‘ওয়েলকাম ৩’

ফাইল ফটো

বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত কমেডি ঘরানার সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির আগে থেকেই সিনেমার কাস্টিং বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এটি বলিউডের ইতিহাসে অন্যতম তারকাবহুল সিনেমা। একই ফ্রেমে বলিউডের ৩৪ জন তারকার অভিনয় সামলানো, সবার শিডিউল মেলানো কতটা কঠিন কাজ তা সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন পরিচালক আহমেদ খান। 

পরিচালক বলেন, ‘এমনও দিন গেছে একই ফ্রেমে একসঙ্গে ৩০ জন তারকা উপস্থিত ছিলেন। হিসাবটা তো খুবই সহজ—প্রতিজন তারকার সাথে যদি গড়ে ৫ জন করেও ব্যক্তিগত স্টাফ থাকেন, তবে শুধু অভিনেতাদের টিম মিলেই সংখ্যাটা দাঁড়ায় ১৫০ জনে! এর সাথে যুক্ত হতো প্রোডাকশনের নিজস্ব আরও ২০০ জন ক্রু মেম্বার। অর্থাৎ প্রতিদিন সাড়ে ৩০০ মানুষের বিশাল এক কর্মযজ্ঞ সামলাতে হয়েছে আমাকে। বিশাল আয়োজন সাধারণ কোনো শুটিং ফ্লোরে করা একেবারেই অসম্ভব ছিল। তাই আমাদের প্রোডাকশন টিমকে বিশাল দুটি মাঠ ভাড়া করতে হয়েছিল। যেখানে শুধু ৫০টি ভ্যানিটি ভ্যানের পার্কিং স্পেস, ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের থাকার জায়গা এবং টেকনিশিয়ানদের জন্য আলাদা ক্যাবিন তৈরি করা হয়। আমাদের সেটে কোনো সিনেমার কাজ ছিল না, ছিল আস্ত একটা উৎসব!’

‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি (ওয়েলকাম এবং ওয়েলকাম ব্যাক) বক্স অফিসে হাসির খোরাক জুগিয়েছিল। ফলে তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। তবে মুক্তির আগে সিনেমাটিকে ঘিরে যেমন উন্মাদনা রয়েছে। তেমনই সমালোচনাও কম না।

পরিচালকে জন্য সবচেয়ে বড় ধাক্কাটি আসে যখন জানতে পারেন, ফ্র্যাঞ্চাইজির প্রাণ ভোমরা ‘উদয় শেট্টি’ (নানা পাটেকর) এবং ‘মজনু ভাই’ (অনিল কাপুর) কাজ করবেন না। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা এবং চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তাঁরা সিনেমাটি থেকে সরে দাঁড়ান। যা ভক্তদের হতাশ করেছে। এছাড়া সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর অনেকেই  ভিএফএক্স নিয়ে সমালোচনা করেছিলেন। অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ৩৪ জন তারকাকে একসঙ্গে জায়গা দিতে গিয়ে গল্পটি খিচুড়ি হয়ে যাবে না তো? 

এ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, কৃষ্ণা অভিষেক এবং কিকু শারদা। নারী তারকাদের মধ্যে আছেন রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ এবং দিশা পাটানি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরও একঝাঁক নতুন ও প্রবীণ মুখকে।