মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যারা মাদক গ্রহণ করে বা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত তাদের ব্যাপারে কোন তদবির নেই। তাদের কোন রকম সুযোগ সুবিধাও দেওয়া হবে না। কারণ আমাদের সামাজিক অবস্থাকে মাদকসেবীরা প্রতিনিয়ত অস্থির করে তুলছে।
শুক্রবার পঞ্চগড়ে অনুষ্ঠিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদ বলেন, নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক নির্মূল করতে ও দেশকে মাদকের বিষয়ে জিরো টলারেন্সে নিয়ে আসার ঘোষণা দেন। সে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, মাদক সেবনকারীরা আর মাদক বিক্রেতা যে দলের হোক না কেন এমনকি আমার দলের হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবে না। মাদককে নির্মূল করতে হলে সবাইকে ঐক্যমত হতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমরা মাদক ছেড়ে যুবকদেরকে খেলার মাঠ নিয়ে আসেত চাই। তারা যাতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পঞ্চগড় জেলা প্রশাসন দিবসটির আয়োজন করে। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পুলিশ সুপার আবু সাইম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন সভা সঞ্চালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট ফরিদ রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুধী মহলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।