আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন? নাকি উরুগুয়ের বিদায়?

আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন? নাকি উরুগুয়ের বিদায়?

ছবি: রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’ এর বাঁচা-মরার হাইভোল্টেজ ম্যাচে সকাল ৬ টায় মুখোমুখি হচ্ছে লাতিন পরাশক্তি উরুগুয়ে ও ইউরোপিয়ান জায়ান্ট স্পেন। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে দুই দলই আজ মাঠে নামছে চেনা ছক ভেঙে।

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পরও আজ একাদশে তিনটি পরিবর্তন এনেছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড লুইস দে লা ফুয়েন্তে। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে পয়েন্ট হারানোর পর খোলস ছেড়ে বের হতে বাধ্য হয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।

তরুণ বিস্ময় লামিন ইয়ামাল নেতৃত্বে আজ আক্রমণ সাজিয়েছে স্প্যানিশ শিবির। তবে উইনিং কম্বিনেশন ভেঙে রক্ষণভাগে পেদ্রো পোরোর জায়গায় আজ সুযোগ পেয়েছেন মার্কোস ইয়োরেন্তে।

মাঝমাঠ ও আক্রমণের ধার বাড়াতে দানি ওলমো এবং নিকো উইলিয়ামসকে বেঞ্চে বসিয়ে আজ শুরুর একাদশে আনা হয়েছে মিকেল মেরিনো ও অ্যালেক্স বায়েনাকে। রদ্রিগো হার্নান্দেজের (রদ্রি) অধিনায়কত্বে মাঝমাঠ সামলাবেন পেদ্রি, মেরিনো ও বায়েনা। আর আক্রমণে ইয়ামালের সঙ্গী মিকেল ওয়ারজাবাল।

অন্যদিকে গ্রুপ পর্বের বৈতরণী পার হতে উরুগুয়ের সামনে আজ কঠিন সমীকরণ।

আগের ম্যাচে কেপ ভার্দের সাথে ২-২ গোলে ড্র করা বিয়েলসা আজ দলে বড় রদবদল এনেছেন। পোস্টের নিচে অভিজ্ঞ ফার্নান্দো মুসলেরাকে ফিরিয়ে এনেছেন তিনি। আর আক্রমণের শেষভাগে গোল করার মূল দায়িত্ব তুলে দিয়েছেন ডারউইন নুনেজের কাঁধে। দলটির অধিনায়কত্ব করবেন রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভার্দে। তার সঙ্গে মাঝমাঠের দখল ধরে রাখার দায়িত্বে থাকবেন মানুয়েল উগার্তে, রদ্রিগো বেনটানকুর ও ম্যাক্সি আরাউহোর মতো তারকারা।

আপাতত ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে সুবিধাজনক অবস্থানে আছে স্পেন। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের জন্য নকআউটের আশা বাঁচিয়ে রাখতে আজ পয়েন্ট পাওয়া বড্ড জরুরি। এদিকে আজ উরুগুয়ে জয় পেলে বা ম্যাচ ড্র হলে আর্জেন্টিনার সঙ্গে শেষ ৩২-এ দেখা হয়ে যেতে পারে স্পেনের। সেক্ষেত্রে কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের ফলও প্রভাব ফেলবে সমীকরণে। এইচ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

দুই দলের শুরুর একাদশ:

স্পেন: উনাই সিমন, মার্কোস ইয়োরেন্তে, আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা, রদ্রি, পেদ্রি, লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল।

উরুগুয়ে: ফার্নান্দো মুসলেরা, সেবাস্তিয়ান ক্যাসেরেস, গুইলার্মো ভ্যারেলা, ম্যাথিয়াস অলিভেরা, মানুয়েল উগার্তে, রদ্রিগো বেনটানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগুস্তিন কানোবিও, ম্যাক্সি আরাউহো, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, ডারউইন নুনেজ।