পেনাল্টি পেয়েও গোল করতে পারল না হালান্ডবিহীন নরওয়ে
সংগৃহীত
ফ্রান্সের বিপক্ষে বিরতির পর ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল নরওয়ে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরপরই পেনাল্টি আদায় করে দলটি। বক্সের ভেতরে অস্কার ববকে ফাউল করলে স্পটকিকের বাঁশি দেন রেফারি। তবে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। তার নেওয়া দুর্বল পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। ফলে ব্যবধান কমানোর সুযোগ হারিয়ে হতাশ হতে হয় নরওয়েকে।
প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন দেম্বেলে। এরপর ২০তম মিনিটে আরও একটি দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
নরওয়ে ২১তম মিনিটে থেলোনিয়াস আসগার্ডের গোলে ব্যবধান কমালেও ফরাসি আক্রমণের গতি থামাতে পারেনি।
ম্যাচের ৩২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সদ্য ব্যালন ডি’অর জয়ী এই তারকা। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তুলে অরেলিয়েন চুয়ামেনি পেনাল্টি বক্সের ভেতরে বল বাড়ান দেম্বেলের কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের কোণে লক্ষ্যভেদ করেন তিনি। নরওয়ের গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না শটটি ঠেকানোর।
৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।