বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ‘দূষণহীন’ ঢাকার বাতাস

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ‘দূষণহীন’ ঢাকার বাতাস

ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। তবে বর্ষা মৌসুমে বাতাসের মান কিছুটা উন্নতি হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সবশেষ লাইভ তথ্য অনুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩৪ তম। শহরটির বায়ুমান সূচক বা একিউআই স্কোর ৬৫, যা ওই শহরের বাতাসকে সহনীয় বা মোটামুটি ভালো বলা যায়। গতকাল শুক্রবার ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৭৫।

এই অবস্থায় সাধারণ মানুষের জন্য বাতাস সাধারণত নিরাপদ হলেও অতি সংবেদনশীল বা শ্বাসকষ্টে ভোগা নির্দিষ্ট কিছু মানুষের জন্য সামান্য স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে।

আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় দেখা গেছে, এই সময়ে ১৭৪ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তালিকায় ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। শহর দুটির বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে তালিকার তৃতীয় থেকে নবম পর্যন্ত শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এগুলো হলো- উগান্ডার কামপালা, ভারতের দিল্লি, কঙ্গোর কিনশাসা, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, চিলির শান্তিয়াগো, ইসরাইলের তেল আবিব, ইতালির মিলান।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয় এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৩০১ বা তার বেশি হলে বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ু দূষণে বিশ্বের অন্যতম শীর্ষ শহর হিসেবে তালিকায় থেকেছে। শুষ্ক মৌসুমে ঢাকার বায়ুমান প্রায়ই ‘অস্বাস্থ্যকর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে চলে যায়। তবে বর্ষার প্রাক্কালে ও বৃষ্টিপাতের কারণে মাঝেমধ্যে বাতাসের এই মানের কিছুটা উন্নতি লক্ষ করা যায়।