ফেনীতে পৃথক হত্যাকাণ্ডে নিহত দুই, রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম

ফেনীতে পৃথক হত্যাকাণ্ডে নিহত দুই, রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম

প্রতিকি ছবি

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীতে পৃথক দুই হত্যাকাণ্ডে এক যুবক ও এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার ভোরে পুলিশ দুই উপজেলার পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘দুইটি ঘটনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিকুঞ্জরা গ্রামে জুবায়ের পারভেজ নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা পাকা ঘরের সিঁড়ির কক্ষের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তারকে হাত-পা বেঁধে হত্যা করে। ঘটনার সময় ঘরে তার সন্তানরা থাকলেও তাদের কোনো ক্ষতি করা হয়নি। নিহত কাজল তিন সন্তানের জননী।