লিভারপুলের ১০০ মিলিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান করে পিএসজির দিকে ‘বিস্ময়বালক’
ছবি : রয়টার্স
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল বাজারে এবার বড়সড় এক বোমা ফাটালেন আইভরি কোস্টের ১৯ বছর বয়সী সেনসেশন ইয়ান দিওমান্দে। চলতি গ্রীষ্মকালীন দলবদলে আরবি লাইপজিগ ছাড়লে তার পরবর্তী গন্তব্য যে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তা প্রায় নিশ্চিত করেই জানিয়ে দিলেন তিনি।
ফরাসি জায়ান্টদের ভবিষ্যৎ প্রজেক্ট এবং কোচ লুইস এনরিকের কোচিং দর্শনে মুগ্ধ হয়েই পার্ক দেস প্রিন্সেসে পাড়ি জমাতে চান এই উইঙ্গার।
ক্রীড়াভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি এবং স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের দীর্ঘমেয়াদী পরিকল্পনাই দিওমান্দেকে আকৃষ্ট করেছে। এই ফরাসি ক্লাবে যোগ দিলে নিয়মিত বড় বড় ট্রফি জেতার পাশাপাশি ভবিষ্যতে নিজের ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণ করা সহজ হবে বলেই মনে করছেন এই ফুটবলার।
অথচ এই তরুণ প্রতিভাকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন ইউরোর (প্রায় ৮৬.৮ মিলিয়ন পাউন্ড) বিশাল এক প্রস্তাব নিয়ে তৈরি ছিল ইংলিশ জায়ান্ট লিভারপুলও।
তবে জার্মান ক্লাব লাইপজিগ সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। গত গ্রীষ্মে স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে লাইপজিগে যোগ দেওয়া দিওমান্দেকে সহজে ছাড়তে নারাজ তারা।
২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা এই ফরোয়ার্ডের জন্য অন্তত ১৩০ মিলিয়ন ইউরো দাবি করছে ক্লাবটি, পাশাপাশি তাকে নতুন চুক্তিতে বেঁধে রাখার চেষ্টাও চালাচ্ছে তারা।
বর্তমানে দেশের হয়ে বিশ্বকাপে মাঠ মাতাচ্ছেন দিওমান্দে।
আগামী মঙ্গলবার টেক্সাসের আর্লিংটনে শেষ ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে তার দল আইভরি কোস্ট, যেখানে মূল একাদশে দেখা যেতে পারে এই তরুণ উইঙ্গারকে।
মাঠের দুই প্রান্তেই সমান তালে ঝড় তুলতে পারা এই উইঙ্গার গেল মৌসুমে লাইপজিগের হয়ে ছিলেন দুর্দান্ত ফর্মে। বুন্দেসলিগায় মাত্র একটি ম্যাচ মিস করা দিওমান্দে ৩৩ ম্যাচে করেছেন ১২টি গোল, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯টি গোল। তার এই অতিমানবীয় পারফর্ম্যান্সের ওপর ভর করেই লিগে তৃতীয় স্থান নিশ্চিত করার পাশাপাশি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কাটে লাইপজিগ।