বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘মাঝারি’
ফাইল ছবি
বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জের মুখে রয়েছে। সবশেষ বায়ুর মান সূচকে শহরটির বাতাসের মানে কিছুটা উন্নতির ইঙ্গিত মিললেও দূষণের চাপ পুরোপুরি কাটেনি।
সোমবার (২৯ জুন) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, ঢাকার স্কোর ৭৭। এই স্কোরে বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ২৮তম।
বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ থেকে ছড়িয়ে পড়া ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমনই ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস। এসব খাতের দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে বায়ুর মানে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সাময়িক উন্নতির চিত্র দেখা গেলেও দীর্ঘমেয়াদে দূষণ কমাতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।
এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৬১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ ছাড়া, ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, ১৪৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর, ১৪০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকা চীনের উহান শহরের স্কোর ১৩৯।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।