খাগড়াছড়িতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার
ছবিঃ সংগৃহীত।
সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালায় মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, জমির পানি নামার একটি নালায় মাছ ধরার জন্য তিনি জাল পেতেছিলেন। পরে জাল তুলতে গিয়ে দেখতে পান, একটি বড় অজগর সাপ তাতে আটকা পড়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়া। স্থানীয়দের সহযোগিতায় তিনি সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরে অজগরটি মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
মেরুং রেঞ্জের উপবন সংরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ বলেন, উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সাপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বার্মিজ অজগর বিষধর নয়। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এমন বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তারা।