চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

ফাইল ছবি

 

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় প্রায় ১৭ বছর আগে সংঘটিত পলাশ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মাহমুদুল হাসান ওরফে সোহেল এবং আইয়ুব আলী ওরফে বাবুল।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০০৯ সালের ২৭ আগস্ট আসামিরা পরিকল্পিতভাবে মো. পলাশকে নগরীর বাকলিয়া থানার ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় নিয়ে হত্যা করেন।

ঘটনার পরদিন ২৮ আগস্ট নিহতের ভাই মো. সম্রাট বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০১২ সালের ১২ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলাটি প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও পরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করা হয়