মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সোমবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৩ জুলাই নির্ধারণ করা হয়েছে।
এদিকে, কোম্পানিটির ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মেঘনা লাইফের লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫২৭ কোটি ৬০ লাখ টাকা। গত বছর একই সময়ে এই তহবিলের পরিমাণ ছিল ১ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড সামান্য বেড়েছে।
২০২৬ সালের প্রথম প্রান্তিকে মেঘনা লাইফের মোট আয়ের চেয়ে মোট খরচ ও বীমা দাবির পরিমাণ ৪৫ কোটি ৯১ লাখ টাকা বেশি ছিল।