লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

সংগৃহীত

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১৪ জন মারা গেছে এবং আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

লাহোর জেনারেল হাসপাতাল থেকে সরবরাহ করা নিহত শিশুদের প্রাথমিক তালিকা অনুযায়ী, মৃত শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে। 

এদিকে পাকিস্তানের জরুরি উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর মুখপাত্র ফারুক আহমেদ ডন নিউজকে জানিয়েছেন, কাহনা এলাকার একটি আবাসিক ভবনের দুটি কক্ষে স্থানীয় এক নারী ব্যক্তিগত উদ্যোগে একটি কোচিং সেন্টার পরিচালনা করছিলেন। আজ হঠাৎ ওই কক্ষগুলোর ছাদ ধসে পড়ে। এতে ভেতরে থাকা শিশুরা নিচে চাপা পড়ে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার সময় কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল। ভেঙে পড়া ছাদটি টিআর গার্ডার ও দুর্বল উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল। এর কারণে এই আকস্মিক ধস হতে পারে।

পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। আর দুর্ঘটনার সময় নিচতলায় শিশুদের ক্লাস চলছিল।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি পুলিশ ও জেলা প্রশাসনকে ছাদ ধসে শিশুমৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।