যৌথ গবেষণায় আগ্রহী ঢাবি ও ইউএমটি
সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও প্রকৌশল বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও পাকিস্তানের ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউএমটি)। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি ও ফেলোশিপের বিষয়েও আলোচনা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএমটির প্রেসিডেন্ট ইব্রাহিম হাসান মুরাদ। এ সময় ইউএমটির আন্তর্জাতিকীকরণ ও আউটরিচ অফিসের পরিচালক মুত্তাকী আরমান মালিক উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও প্রকৌশল বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় কর্মসূচি চালুর বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
সাক্ষাৎকালে ইউএমটির প্রেসিডেন্ট ইব্রাহিম হাসান মুরাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউএমটিতে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে বৃত্তি ও ফেলোশিপ প্রদানে আগ্রহের কথা জানান।
উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে ইউএমটির আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “গবেষণা সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা প্রয়োজন, যা ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরো জোরদার করবে।”