গোল্ডেন বুট নিয়ে খুব বেশি ভাবছি না: এমবাপ্পে
সংগৃহীত ছবি
বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই এখন জমে উঠেছে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় সমান ৬ গোল নিয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপ্পে।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে ৬ গোল করে এককভাবে শীর্ষে উঠেছিলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও গোল করেন তিনি। পরে শেষ ষোলোর ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে মেসির পাশে নাম লেখান এমবাপ্পে। এদিকে, ৫ গোল নিয়ে তাদের ঠিক পেছনেই রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড।
সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে গোল্ডেন বুটের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন এমবাপ্পে। সেখানে তিনি স্পষ্ট করে জানান, মেসিকে নিয়ে নয়, বরং ফ্রান্সের পরবর্তী লক্ষ্য নিয়েই বেশি ভাবছেন।
এমবাপ্পে বলেন, ‘আমি বিশ্বাস করি, লিও মেসি আরও গোল করবে। তাই গোল্ডেন বুট নিয়ে আমি খুব বেশি ভাবছি না। বরং আমাদের পরবর্তী প্রতিপক্ষ কে হতে পারে এবং আমরা কত দূর যেতে পারব, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
৩৯ দিনব্যাপী ১০৪ ম্যাচের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জুলাই নিউজার্সিতে। সেই ম্যাচে খেলার স্বপ্নের কথাও জানিয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তিনি বলেন, ‘আগেও বলেছি, আমরা যত দূর সম্ভব এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য এখানেই ফাইনাল খেলা।’
ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যই তার কাছে বেশি মূল্যবান বলেও উল্লেখ করেন এমবাপ্পে।
তার ভাষায়, ‘আমরা প্রতিটি ম্যাচ জিতে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই বেশি গোল করলে গোলদাতাদের তালিকায় ওপরে থাকা যায়। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলকে জেতানো।’