নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।

নীলফামারীর ডিমলায় পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়জুম্মা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব ওই এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল ইসলাম মাস্টারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে সাকিব বাড়ির পাশে একটি পুকুরে নামেন। এ সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে থাকা বিদ্যুতের সচল লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সাকিবের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার এবং বড়জুম্মা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।