মধুপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের সেগুনবাগান এলাকায় সাদিকুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদিকুল ইসলাম মধুপুরের বিল্লাল ড্রাইভারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সেগুনবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাশতা করার পর সাদিকুল নিজ কক্ষে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ঘরের বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকাকালে তিনি কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন বলে পরিবারের সদস্যদের ধারণা।
স্থানীয় কয়েকজন জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে জানালা দিয়ে ওড়না কেটে তাকে নামানোর চেষ্টা করা হয়। এরপর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুপুর ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহের সুরতহালসহ আইনগত প্রক্রিয়া চলছে।