আনচেলত্তিকে নরওয়ে কোচ, ‘অপেক্ষা করো, আমরা আসছি’

আনচেলত্তিকে নরওয়ে কোচ, ‘অপেক্ষা করো, আমরা আসছি’

ফাইল ফটো

আইভরি কোস্টকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। ঐতিহাসিক এই জয়ের পরপরই ড্রেসিংরুম থেকে ব্রাজিল হেড কোচ কালো আনচেলত্তিকে সরাসরি হুঙ্কার দিয়েছেন নরওয়েজিয়ান কোচ স্তালে সোলবাকেন। আগামী রবিবার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের মুখোমুখি হবে নরডিক এই দেশটি।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে সুযোগ পেয়েই নক-আউটে জায়গা করে নেয় নরওয়ে। প্রথম নকআউট ম্যাচেও আসে সফলতা। এরপরই ড্রেসিংরুমে ফুটবলারদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে সোলবাকেন বলেন, ‘তোমরা আজ ইতিহাস তৈরি করেছ। দেশের ২৮ বছরের যন্ত্রণা আর আক্ষেপের অবসান ঘটিয়েছ তোমরা। নরওয়েবাসীর জন্য এই আনন্দ তোমাদেরই তৈরি করা।’

বক্তব্য শেষ করার ঠিক আগমুহূর্তে আনচেলত্তির উদ্দেশ্যে তিনি বলেন, ‘কার্লো আনচেলত্তি, তুমি অপেক্ষা করো। আমরা আসছি।’

ব্রাজিল ফুটবল বিশ্বের অন্যতম সফল দল হলেও ইতিহাস বলছে, তারা কখনোই নরওয়েকে হারাতে পারেনি। বিশ্ব ফুটবলের একমাত্র দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার অনন্য রেকর্ড রয়েছে নরওয়ের (২টি জয় ও ২টি ড্র)। ১৯৯৮ সালের বিশ্বকাপে শেষবার যখন দুই দল মুখোমুখি হয়েছিল, তখনও ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে।

সেই সোনালী ইতিহাসের কথা মনে করিয়ে দিয়ে নরওয়েজিয়ান অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা নরওয়ে-ব্রাজিল ম্যাচের গল্প শুনে বড় হয়েছি। এবার আমাদের সামনে সেই সুযোগ এসেছে। বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়ার চেয়ে বড় আর কিছু হতে পারে না। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব।’

কোচ ও সতীর্থরা হুঙ্কার দিলেও সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন দলের প্রধান স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন ব্রাজিলকে সমীহ করে বেশ সতর্ক বার্তা দিয়েছেন। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা কতটুকু, জানতে চাওয়া হলে ফিফাকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে হালান্ড সরাসরি বলেন, ‘জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।’