রোহিঙ্গা ক্যাম্পে সিনেমা হল, যুবকের কারাদণ্ড
প্রতিকি ছবি
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ সিনেমা হল পরিচালনার দায়ে এক রোহিঙ্গা যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত জাহিদুল্লাহ (৪৫) ক্যাম্প-১৯ এর বি/০৬ ব্লকের কালা মিয়ার ছেলে। তার এফসিএন-নং ১৯৪৭৯৭।
জানা যায়, বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর বি/০৬ ব্লকে অবৈধভাবে পরিচালিত একটি সিনেমা হলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্প-১৯ এর বি/০৬ ব্লকের বাসিন্দা জাহিদুল্লাহ ক্যাম্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে নিজ উদ্যোগে একটি গুদামঘর সদৃশ বড় শেল্টার নির্মাণ করে সেখানে আকাশ সংযোগের মাধ্যমে ৪২ ইঞ্চি টেলিভিশনে টাকার বিনিময়ে সিনেমা প্রদর্শন করে আসছিলেন।
বিষয়টি ক্যাম্প প্রশাসনের নজরে এলে ক্যাম্প ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহিদুল্লাহকে আটক করা হয় এবং জব্দতালিকা মূলে ৪২ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে নির্মিত শেল্টারটি তালাবদ্ধ করে দেওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, জাহিদুল্লাহকে সিনেমাটোগ্রাফ আইন, ১৯১৮-এর ৬(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ৪২ ইঞ্চি টেলিভিশন, একটি আকাশ সংযোগ ডিভাইস, একটি সোলার প্যানেল এবং দুটি ব্যাটারি।