সুশাসন ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সুশাসন ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সংগৃহীত ছবি

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সমাজের কোনো মানুষকে বাদ দেওয়া যাবে না। আমরা সুশাসন ও বৈষম্যহীন একটা সমাজ গড়তে চাই। সবাই মিলে যাতে ভাল থাকতে পারি ও একসাথে কাজ করতে পারি সেই চেষ্টা করতে হবে।

 

বুধবার বিকালে দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স সম্মেলন কক্ষে মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণের গুণগতমান যেন উন্নত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার সঙ্গে দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষণপ্রাপ্তদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্ব করেন। জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোছা. জিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৪ জনকে একটি করে গরু ও একজনকে একটি ছাগল প্রদান করা হয়। সেই সঙ্গে ১৫ দিনব্যাপী অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া ১১ জন শারীরিক প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়।