অনলাইনে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৬

অনলাইনে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৬

ফাইল ছবি

অনলাইনে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুই দিনের পৃথক তিনটি অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) তাদের গ্রেফতার করে।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) সূত্রে জানা যায়, বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে রুজু করা একটি মামলা ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হলে ফাইনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, একটি প্রতারক চক্র অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে আসছে। তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতির অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করে আসছিল।

সেই সঙ্গে প্রতারক চক্রটি দেশের বিভিন্ন নামি প্রতিষ্ঠানের জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের ক্লোন তৈরি করে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করত। এসব ভুয়া প্ল্যাটফর্মে চটকদার বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হয়ে অনেকেই তাদের উল্লিখিত মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে বিপুল অর্থ বিনিয়োগ করতেন। পরবর্তী সময়ে সেই বিনিয়োগকৃত অর্থ আত্মসাৎ করত প্রতারকরা।

ডিবি সূত্রে আরও জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টার দিকে গাজীপুরের আশুলিয়ার জিরানী বাজারে অভিযানে বাবলু ওরফে সূর্য ও শাহিনকে গ্রেফতার করা হয়। 

তাদের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় একই দিন রাত সাড়ে ১১টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তুষার মিয়া, আতিকুর রহমান ওরফে নিরব রানা ও লিখন ওরফে ইমনকে গ্রেফতার করা হয়। 

পরবর্তী সময়ে এই গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১ জুলাই) ভোর ৫টার পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকা থেকে শাকিল রানাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়ে ডিএমপি।