বে-মেয়াদি ফান্ডের আয় পুনঃবিনিয়োগের সুযোগ
ফাইল ছবি
বে-মেয়াদি (ওপেন-এন্ড) মিউচ্যুয়াল ফান্ডের অর্জিত আয় প্রতিবছর লভ্যাংশ হিসেবে বিতরণ না করে প্রয়োজন হলে ফান্ডেই পুনঃবিনিয়োগের সুযোগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত বিএসইসির ১০১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এতে সভাপতিত্ব করেন।
বুধবার (১ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্রাস্টি চাইলে সম্পদ ব্যবস্থাপকের প্রস্তাবের ভিত্তিতে বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থ বিবেচনায় অর্থবছর শেষে মুনাফা লভ্যাংশ আকারে না দিলেও পারবে। এই সুযোগের মাধ্যমে মুনাফাকে ফান্ডগুলোর জন্য পুনঃবিনিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।
তবে বর্তমানে ফিক্সড ইনকাম স্কিমের বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে মুনাফার কমপক্ষে ৭০ শতাংশ, গ্রোথ বা বর্ধিষ্ণু স্কিমের ক্ষেত্রে ৩০ শতাংশ ও অন্যসব বে-মেয়াদি ফান্ডের ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ লভ্যাংশ দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।