প্রচলিত বীমা কম্পানিতে চাকরি করার বিধান
ফাইল ছবি
একজন মুসলিমের জীবিকা যেমন ইবাদতের অন্তর্ভুক্ত, তেমনি সেই জীবিকা অর্জনের মাধ্যমও হতে হবে হালাল ও শরীয়তসম্মত। বর্তমান যুগে বিভিন্ন পেশার মধ্যে বীমা কম্পানিতে চাকুরী একটি বহুল প্রচলিত পেশা।
অনেক মুসলিম জীবিকার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠানে চাকুরী করেন বা করতে আগ্রহী হন। কিন্তু প্রশ্ন হলো—শরীয়তের দৃষ্টিতে বীমা কম্পানিতে চাকুরী করা কি বৈধ?
প্রচলিত বীমার শরয়ি বিধান
বিশ্বের অধিকাংশ সমসাময়িক ইসলামী ফিকহ একাডেমি ও প্রখ্যাত আলেমগণের মতে প্রচলিত বাণিজ্যিক বীমা বৈধ নয়। কারণ এতে সাধারণত তিনটি বড় শরয়ী নিষিদ্ধ বিষয় বিদ্যমান থাকে— ১. সুদ (রিবা), ২.অতিরিক্ত অনিশ্চয়তা (গারার), ৩. জুয়া বা ভাগ্যের উপর নির্ভরতা (মাইসির)। এই তিনটি কারণেই আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমি, বিভিন্ন ফতোয়া বোর্ড এবং বহু সমসাময়িক আলেম প্রচলিত বীমাকে শরীয়তসম্মত মনে করেন না।
আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।’ (সুরা : বাকারা, আয়াত : ২৭৫)
প্রচলিত বীমার অর্থনৈতিক কাঠামো যেহেতো সুদভিত্তিক বিনিয়োগ তাই এটা নিষেধাজ্ঞার আওতায় পড়ে যায়।
জাবির ইবন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের হিসাব লেখক এবং এর সাক্ষীদ্বয়—সবার ওপর লানত করেছেন এবং বলেছেন, তারা সবাই সমান।’ (সহিহ মুসলিম, হাদিস নং : ১৫৯৮)
এই হাদিস থেকে বোঝা যায়, সুদের কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতাও অত্যন্ত গুরুতর অপরাধ।
বীমা কম্পানিতে চাকুরীর বিধান
যদি কোনো ব্যক্তি এমন একটি প্রচলিত বীমা কম্পানিতে চাকুরী করেন, যেখানে তার কাজ সরাসরি— বীমা বিক্রি করা, পলিসি তৈরি করা, কমিশনভিত্তিক গ্রাহক সংগ্রহ করা, সুদভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা করা, এবং দাবি নিষ্পত্তি বা বীমা চুক্তি সম্পাদন করা। আর এসবই ইসলামে শরিয়তসম্মত পদ্ধতিতে হয় না। তাই অধিকাংশ সমসাময়িক আলেমের মতে এ ধরনের চাকুরী বৈধ নয়। কারণ এতে হারাম কার্যক্রমে প্রত্যক্ষ সহযোগিতা করা হয়, যা শরিয়তের নির্দেশনার পরিপন্থী।
সহায়ক বিভাগের চাকুরী
কোনো কোনো আলেমের মতে, যদি একজন ব্যক্তি নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী বা এমন কোনো সাধারণ দায়িত্বে নিয়োজিত থাকেন, যার সঙ্গে বীমা চুক্তি বা সুদভিত্তিক কার্যক্রমের সরাসরি সম্পর্ক নেই, তাহলে বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হতে পারে।
তবে অধিকাংশ ফকীহের মত হলো—যতদূর সম্ভব এ ধরনের প্রতিষ্ঠানের চাকুরী থেকেও বিরত থাকা উত্তম; কারণ প্রতিষ্ঠানটির মূল কার্যক্রমই শরীয়তসম্মত নয়।
প্রচলিত বীমার বিকল্প পদ্ধতি হলো তাকাফুল
ইসলামী অর্থনীতিতে বীমার বিকল্প হিসেবে তাকাফুল ব্যবস্থা চালু হয়েছে। এখানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ঝুঁকি ভাগাভাগি করেন। এতে সুদ, জুয়া ও অতিরিক্ত অনিশ্চয়তা পরিহারের চেষ্টা করা হয় এবং শরীয়াহ তত্ত্বাবধায়ক বোর্ডের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। সহাবি আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র; তিনি শুধুমাত্র পবিত্র (হালাল) জিনিসই গ্রহণ করেন।’ (সহিহ মুসলিম, হাদিস নং : ১০১৫)
অতএব, একজন মুসলিমের জন্য এমন জীবিকা অর্জনের চেষ্টা করা উচিত, যা হালাল এবং সন্দেহমুক্ত। তবে যদি জীবিকার চরম প্রয়োজন দেখা দেয় এবং অন্য কোনো হালাল বিকল্প সাময়িকভাবে না থাকে, তবে দ্রুত হালাল কর্মসংস্থানের চেষ্টা করা এবং আল্লাহর নিকট তাওবা ও সাহায্য প্রার্থনা করা উচিত। কেননা বাস্তব জীবনে অনেক মানুষ কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হন। এক্ষেত্রে অবশ্যই হালাল জীবিকার দিকে অগ্রসর হওয়ার আন্তরিক চেষ্টা করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ও বরকতময় জীবিকা দান করুন, হারাম ও সন্দেহযুক্ত উপার্জন থেকে হিফাজত করুন এবং তাঁর সন্তুষ্টির পথে অটল থাকার তাওফিক দান করুন। আমিন।