আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার
ফাইল ছবি
ব্রাজিলের ডাগআউটে যিনি শান্ত সমুদ্রের মতো স্থির থাকেন, সেই কার্লো আনচেলত্তিই আসলে দলের আসল চালিকাশক্তি। চাপের মুহূর্তেও তাঁর মুখে হাসি ফোটে না, জয়ে উচ্ছ্বাস দেখা যায় না। কিন্তু একটা জিনিস তিনি খুব ভালোবাসেন 'চুইংগাম'। আর সেই চুইংগাম নিয়েই ঘটে গেল মজার এক কাণ্ড!
জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াই চলছিল ব্রাজিলের। ম্যাচের মাঝে হঠাৎ চোখে পড়ল রিজার্ভ বেঞ্চের সামনে দাঁড়িয়ে এনড্রিক একটা প্যাকেট হাতে নিয়ে কিছু একটা মুখে পুরছেন। তারপর সেই প্যাকেটটা দানিলোর হাতে তুলে দিলেন। একজন থেকে আরেকজনের হাতে ঘুরতে ঘুরতে সেই প্যাকেট পৌঁছে গেল নেইমারের কাছেও।
সবাই মিলে দিব্যি চুইংগাম চিবিয়ে যাচ্ছেন। কিন্তু প্যাকেটটা কার? চমকটা এখানেই। ওই চুইংগাম ছিল খোদ হেড কোচ কার্লো আনচেলত্তির! অর্থাৎ, টিমের সবচেয়ে ছোট ছেলে এনড্রিকের নেতৃত্বে সিনিয়র তারকা নেইমারসহ অনেকেই কোচের চুইংগাম ‘চুরি’ করে ভাগাভাগি করে খেয়ে নিলেন।
এই ছোট্ট ঘটনাটাই বলে দিচ্ছে ব্রাজিল দলের ভেতরের পরিবেশ কতটা হালকা ও আনন্দময়। হেড কোচের জিনিস নিয়ে এমন মজা করতে পারলে বোঝাই যায়, ড্রেসিংরুমে সম্পর্কটা কতটা সুন্দর ও পরিবারের মতো। এনড্রিককে এই ‘চুরির’ জন্য কোনো শাস্তি পেতে হয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি।