সোনারগাঁয়ে যানজট নিরসনে অভিযান, ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা

সোনারগাঁয়ে যানজট নিরসনে অভিযান, ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিকি ছবি

এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধ ফুটপাত দখল ও সড়কে যত্রতত্র অটোরিকশা-সিএনজি পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসানো এবং নির্ধারিত স্থান বাদ দিয়ে সড়কে যানবাহন পার্কিং করার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে সড়ক পরিবহন আইনে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। জনভোগান্তি কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সাজাপ্রাপ্ত ১৪ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ইউএনও আসিফ আল জিনাত জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিডার সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ ফুটপাত দখল এবং অটোরিকশা ও সিএনজির অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার মাইকিং, সচেতনতামূলক প্রচারণা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে সতর্ক করা হলেও সংশ্লিষ্টরা নির্দেশনা মানেননি।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা উপলক্ষে আগের দিনও যানজট এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। এরপরও তারা নিয়ম অমান্য করায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি সতর্কতামূলক অভিযান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।