লালমনিরহাটে বন্যাদুর্গতদের খাদ্য ও আর্থিক সহায়তা

লালমনিরহাটে বন্যাদুর্গতদের খাদ্য ও আর্থিক সহায়তা

সংগৃহীত ছবি

‎‎লালমনিরহাটে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ‎বৃহস্পতিবার(২ জুলাই) বন্যাদুর্গত এলাকায় পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে জরুরি সামগ্রী তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় প্রতিটি দুর্গত এলাকায় দ্রুততম সময়ে খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যায় পানিবন্দী কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

‎তিনি আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি পুনর্বাসনের আওতায় আনা হবে। ‎​দুর্যোগ মোকাবিলায় সরকারের পূর্ণ প্রস্তুতির কথা উল্লেখ করে স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেন মন্ত্রী।

একই অনুষ্ঠানে বিগত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে যেসকল দলীয় নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারের মাঝে বিশেষ সম্মাননা হিসেবে গরু ও আর্থিক সহায়তা প্রদান করেন।

‎‎​ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা অনুযায়ী সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছানো লক্ষ্যে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করা হবে।