বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা

বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা

সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থকদের দলকে ৩-১ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা সমর্থকদের দল।

বৃহস্পতিবার (২ জুলাই) বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় ‘আনোয়ার ইস্পাত সিভিল ইঞ্জিনিয়ারিং ফুটবল উৎসব–২০২৬’-এর প্রীতি ফুটবল ম্যাচ। 

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত এ ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্যালারিজুড়ে দর্শকদের উচ্ছ্বাস এবং মাঠে দুই দলের প্রাণবন্ত লড়াইয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপের নির্মাণসামগ্রী বিভাগের প্রধান বিপণন কর্মকর্তা গালিব মোহাম্মদ। 

বিশেষ অতিথি ছিলেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ, বুয়েট ফুটবল দলের উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তফা আলী এবং সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মীর তারেক আলী।

এ ছাড়া আনোয়ার ইস্পাতের বিপণন ও যোগাযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক শাহেদ পারভেজ এবং ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রাজিব আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং প্রাণবন্ত ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।