কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদ্বোধন
সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সৃষ্টি, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ হলরুমে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কাশিয়ানী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ কাজী এজাজুল করীম, কাশিয়ানী উপজেলা এলজিইডির প্রকৌশলী সজল কুমার দত্ত, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, কাশিয়ানী উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বিল্লাল খান, উপজেলা যুবদলের সদস্যসচিব আরিফুর রহমান পাবেলসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় সুধীজন, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।