মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে
সংগৃহীত ছবি
মাঠের ভেতরে তখন স্নায়ুর চরম পরীক্ষা। প্যারাগুয়ের লৌহকপাট ভাঙতে যখন ছক কষছে ফরাসি শিবির, ঠিক তখনই পেনাল্টি থেকে ডেডলক ভাঙলেন কিলিয়ান এমবাপ্পে।
চরম চাপের মুখেও বিন্দুমাত্র খেই না হারিয়ে ‘ঠান্ডা মাথার’ এক নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এনে দিলেন মহার্ঘ্য সেই লিড। আর গোলটি করেই বাতাসে ভেসে নিজের চেনা ও স্বভাবসুলভ ভঙ্গিতে লাফিয়ে মেতে উঠলেন বিশ্বকাপের সর্বশেষ গোল উদযাপনে।
এই এক গোলেই যেন রাজকীয় মঞ্চের এক দ্বৈরথ নতুন মাত্রা পেল। চলতি বিশ্বকাপে গোল করার রেসে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক।
মেসি ও এমবাপ্পে—দুজনেরই নামের পাশে এখন জ্বলজ্বল করছে সমান ৭টি করে গোল। গোল্ডেন বুটের লড়াইটা যে এবার আরও জমে উঠল, তা বলাই বাহুল্য।
তবে মহাকাব্যিক এই রেকর্ডের লড়াই শুধু এই আসরেই সীমাবদ্ধ নয়। বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখন আরও ওপরে উঠে এলেন এমবাপ্পে।
২০ গোল নিয়ে যেখানে চূড়ায় আছেন লিওনেল মেসি, সেখানে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফরাসি ফরোয়ার্ড। মেসির সেই কীর্তি স্পর্শ করা থেকে এখন মাত্র এক গোল দূরে দাঁড়িয়ে এমবাপ্পে (১৯ গোল)।