জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন জরুরি। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকারের আন্তরিকতা থাকতে হবে। তিনি রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান এবং এনসিপি, এবি পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের জেলা পর্যায়ের নেতারা।

বিক্ষোভ মিছিলে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।