এ বছর বিয়েটা করে ফেলতে পারি : বাপ্পী
ফাইল ছবি
চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিয়ে নিয়ে বহুদিন ধরেই ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। কখনো সহঅভিনেত্রীর সঙ্গে প্রেম, কখনো আবার গোপনে বিয়ে—এমন নানা গুঞ্জন বারবার শোনা গেলেও সেগুলোকে সবসময়ই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
এবার অবশ্য নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে সরাসরি মুখ খুললেন এই নায়ক।
শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাপ্পী। সেখানেই তিনি জানান, সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
বাপ্পী চৌধুরী বলেন, ‘বিয়েটা এ বছর করে ফেলতে পারি, আশা করা যায়। গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব।’
দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিজীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রসঙ্গও উঠে আসে তার কথায়। বাপ্পীর কথায়, জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি কখনোই গোপন রাখতে চান না।
বরং পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান।
প্রেমের বিয়ে নাকি পারিবারিক পছন্দ—কোনটিকে বেশি গুরুত্ব দেবেন, এমন প্রশ্নের জবাবেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই বাপ্পী।
তিনি বলেন, ‘লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও বাবা মেনে না নিলে ওই বিয়ে করব না।’
২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে বাণিজ্যিক ধারার একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন বাপ্পী চৌধুরী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সংযত থাকা এই অভিনেতার মুখে এবার বিয়ের ইঙ্গিত শুনে ভক্তদের কৌতূহল আরো বেড়েছে।