রাষ্ট্রীয় শিল্পের পুনরুজ্জীবনে বেসরকারি বিনিয়োগের আহ্বান বিডা’র
ছবি: প্রতীকী
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় উৎপাদনমুখী ও লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেছেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনায় বেসরকারি খাতই সবচেয়ে দক্ষ ও উপযুক্ত। তাই সরকারের ভূমিকা হওয়া উচিত বিনিয়োগকে উৎসাহিত ও সহায়তা করা, ব্যবসার সঙ্গে প্রতিযোগিতায় নামা নয়।
রোববার (৫ জুলাই) নিজের লিংকডইন পোস্টে আশিক চৌধুরী এসব কথা বলেন।
তিনি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বিনিয়োগকারীরা প্রস্তুত অবকাঠামো বা ‘প্লাগ অ্যান্ড প্লে’ সুবিধা ব্যবহার করে দ্রুত ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। একই সঙ্গে সরকারের আর্থিক চাপ কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিডা চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার আওতাধীন ৪৪টি বিনিয়োগযোগ্য সুযোগ চিহ্নিত করা হয়েছে। এসব প্রকল্প ইস্পাত, বস্ত্র, রাসায়নিক, চিনি, খাদ্য ও পাট খাতের সঙ্গে সংশ্লিষ্ট। এর আওতায় রয়েছে ১০ হাজার একরেরও বেশি জমি।
তিনি আরও বলেন, চিহ্নিত শিল্পসম্পদগুলো দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে অবস্থিত। অধিকাংশ স্থানে বিদ্যুৎ, গ্যাস, সড়ক যোগাযোগসহ প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। পাশাপাশি সেখানে দক্ষ জনবল ও শিল্পভিত্তিক কমিউনিটিও গড়ে উঠেছে, যা নতুন বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে।
আশিক চৌধুরী জানান, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে এসব সম্পদ পুনরায় উৎপাদনমুখী ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। কিছু শিল্পপ্রতিষ্ঠান আগের খাতেই পুনরায় চালু হতে পারে। আবার কিছু সম্পদ নতুন শিল্প স্থাপনের কাজে ব্যবহার করা হতে পারে, যা আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি রফতানি সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ নীতিমালা, দ্রুত অনুমোদন এবং সমন্বিত সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আগ্রহীরা নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে বিনিয়োগযোগ্য সম্পদের বিস্তারিত তথ্য ও তালিকা দেখতে পারবেন।