রংপুরে গাছে মোটরসাইকেলের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রংপুরে গাছে মোটরসাইকেলের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে প্রান্তিক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার বেতগাড়ি-পাগলাপীর সড়কের শাহাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্তিক গোস্বামী রঙ্গন বেতগাড়ি ইউনিয়নের ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তিনি উপজেলার রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে পাগলাপীর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রঙ্গন। পথে শাহাপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।