তাওকীরের ‘দেলুপি’-এর সঙ্গে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ

তাওকীরের ‘দেলুপি’-এর সঙ্গে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ

ফাইল ছবি

দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে ‘শাটিকাপ’-সিনপাট নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম ছবি ‘দেলুপি’। এবার তা মন কেড়েছে বলিউড পরিচালক অনুরাগ কশ্যপেরও। ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন এ নির্মাতা। এবার থেকে আন্তর্জাতিক পরিসরে সিনেমাটি ‘অনুরাগ কাশ্যপ নিবেদিত দেলুপি’ (Anurag Kashyap Presents Delupi) নামে উপস্থাপিত হবে।

পরিচালক তাওকীর ইসলাম জানান, ছবিটির সঙ্গে অনুরাগ কাশ্যপ যোগ নির্মাতাদের জন্য যেমন বড় প্রাপ্তি, তেমনি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সিনেমাটি দেখার পর অনুরাগ কশ্যপ এটি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। গল্প, নির্মাণশৈলী এবং সিনেমার ভিজ্যুয়াল ভাষা তাঁর এতটাই ভালো লাগে যে তিনি চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম লেটারবক্সড-এ সিনেমাটি নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানান অনুরাগ কাশ্যপ। গত রোববার তাওকীর ইসলাম নিজের ফেসবুক পেজে সেই রিভিউয়ের একটি স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন।

রিভিউতে অনুরাগ কাশ্যপ লেখেন, ‘‘ক্ষমতার রাজনীতি যে কত ক্ষুদ্র স্তরেও কাজ করে, সেটাই দেখা যায় ‘দেলুপি’ গ্রামের গল্পে। শাসনব্যবস্থা বদলের পর বন্যায় দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছোট্ট এই গ্রাম। গল্পটা এতটাই মানবিক যে মনে হয় যেন আমাদের নিজেরই পাশের গ্রামের কথা দেখছি। ভীষণ ভালো লেগেছে।’’

২০২৫ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রাম উঠে এসেছে সিনেমাটিতে।

অনুরাগ কশ্যপের যুক্ত হওয়ার বিষয়ে তাওকীর ইসলাম বলেন, ‘আমরা খুবই আনন্দিত ও অভিভূত। অনুরাগ কাশ্যপের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার আমাদের সঙ্গে এই যাত্রায় যুক্ত হচ্ছেন, এটি শুধু "দেলুপি"র জন্য নয়, বাংলাদেশের সিনেমার জন্যও বড় একটি সুখবর। তাঁর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

ফুটপ্রিন্ট প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত ‘দেলুপি’ ইতিমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। অনুরাগ কশ্যপের সম্পৃক্ততা সিনেমাটির আন্তর্জাতিক যাত্রাকে আরও বিস্তৃত করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।