আমরাই সেই প্রজন্ম, যারা বিশ্বকাপ জিততে পারিনি: কাসেমিরো
সংগৃহীত ছবি
চলতি ফিফা বিশ্বকাপে বড়সড় এক অঘটনের সাক্ষী হলো ফুটবলবিশ্ব। হেক্সা বা ষষ্ঠ শিরোপার মিশন নিয়ে আসা শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে নরওয়ে। শেষ ষোলোর এই ম্যাচে নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের জোড়া গোলের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের।
নেইমারের পূর্ণ ফিটনেস আর ভিনিসিয়ুস জুনিয়রের চেনা ছন্দ সত্ত্বেও শেষ ষোলোতেই স্তব্ধ হয়ে গেছে সেলেসাওদের বিশ্বকাপ স্বপ্ন। আর এই চরম বিপর্যয়ের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো।
ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই আবেগ ধরে রাখতে পারেননি ৩৪ বছর বয়সী কাসেমিরো। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা এই তারকা মিডফিল্ডার অশ্রুসিক্ত চোখে ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, দেশের প্রতিটি শিশুর স্বপ্ন থাকে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জেতা। তিনি তিনবার সেই সুযোগ পেয়েছিলেন এবং নিজেকে ভাগ্যবান মনে করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পরম আরাধ্য স্বপ্নটা অধরাই থেকে গেল। মাঠের লড়াইয়ে সতীর্থদের চেষ্টার কোনো কমতি ছিল না উল্লেখ করে তিনি অত্যন্ত আক্ষেপের সঙ্গে যোগ করেন, তারা হয়তো এমন এক প্রজন্ম হিসেবে ফুটবল ইতিহাসে থেকে যাবেন, যারা দেশের হয়ে কখনো বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখতে পারল না।
পুরো টুর্নামেন্টজুড়ে ব্রাজিলের মাঝমাঠ আগলে রাখা এই অভিজ্ঞ ফুটবলার জানান, এই মুহূর্তে কোটি ভক্তকে হতাশ করার বেদনা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। জীবন তার নিয়মে চলবে ঠিকই, তবে এই কঠিন সময়ে তিনি কেবল নিজের পরিবার ও সন্তানদের পাশে চান।
নরওয়ের বিপক্ষে এই হারের ফলে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে নকআউট পর্বে ব্রাজিলের টানা সাত ম্যাচ হারের লজ্জাজনক রেকর্ড আরও দীর্ঘ হলো। সব মিলিয়ে ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও ফুটবলবিশ্বের অন্যতম সফল এই দলটিকে আরও একবার অত্যন্ত করুণ ও বেদনাদায়কভাবে বিদায় নিতে হলো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ থেকে।