রাঙামাটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাঙামাটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সংগৃহীত ছবি

 

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরানুল হক ভূঁইয়া, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. তারেক সেকান্দরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করা হচ্ছে। পাহাড়ি অঞ্চলের উদ্যোক্তাদের কার্যক্রম আরও সম্প্রসারণে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে তিনজন উদ্যোক্তার মধ্যে মোট ১৮ লাখ ৮৩ হাজার টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। পাশাপাশি পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ছয়জন কৃষকের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।