টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রতিকি ছবি

টাঙ্গাইলে এক নারীকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনম ইলিয়াছ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।  

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কামারিয়া গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে শফিকুল ইসলাম শফি এবং ময়েজ উদ্দিনের ছেলে সামছুল হক সামছু। তাদের দুইজনকেই এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অপর আসামি আব্দুর রহিমকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আব্দুর রহিম জামালপুর জেলার সদর উপজেলার কটার বাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।  

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারী কৌশুলী (পিপি) ওমরাও খান দীপু জানান, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ গ্রামের এক নারীকে দন্ডিতরা বিগত ২০২৩ সালের ২২ জুন টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দোখলা এলাকার ইয়াদ আলীর চালা নামকস্থানে বনের ভিতর একটি টং মেশিন ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরে ওই নারী বাদি হয়ে ঘটনার চার দিন পর ২৬ জুন মধুপুর থানায় মামলা দায়ের করেন।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত বিগত ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় সাত জনের স্বাক্ষী গ্রহণ করা হয়। রায় ঘোষনার পর তিন আসামীকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারী কৌশুলী (পিপি) ওমরাও খান দীপু। আসামি পক্ষে ছিলেন শাহান শাহ সিদ্দিকী