মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফাইল ছবি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে দ্রুতগামী ট্রাকচাপায় দুই শিক্ষার্থী ও এক নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এক নারীকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। অন্যদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন গোলড়া চরখড এলাকার আকিজ স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​​হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে এগারো টার দিকে ঢাকাগামী একটি ট্রাক স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এ সময় রাস্তা পারাপারের অপেক্ষায় থাকা অজ্ঞাত পরিচয় দুই শিক্ষার্থী ও এক নারী গুরুতর আহত হন। এ ছাড়া ট্রাকের ধাক্কায় গাড়ির চালকের সহকারীসহ (হেলপার) আরও দুজন সাধারণ যাত্রী আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই শিক্ষার্থী ও দুই হেলপার চিকিৎসাধীন রয়েছেন। তবে আহত এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।

একই সাথে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, চালককে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় গোলড়া হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।