টঙ্গীতে হিন্দু বাড়িতে হামলায় তাঁতীদল নেতা গ্রেপ্তার
সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হিন্দু ধর্মাবলম্বী পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) রাতে টঙ্গীর দাঁড়াইল এলাকায় নির্মোহন মণ্ডলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটিতে হামলা চালায়। হামলাকারীরা লোহা কাটার মেশিন দিয়ে বাড়ির প্রধান ফটক কেটে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করে।
এ ঘটনায় নির্মোহন মণ্ডল, তার স্ত্রী, ছেলে এবং পরিবারের সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নির্মোহন মণ্ডল অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তির একটি অংশ জাল দলিলের মাধ্যমে দখলের চেষ্টা করা হচ্ছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলা দায়েরের পর থেকেই বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছিল। তার দাবি, আদালতে বিচারাধীন ওই বিরোধকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, হামলাকারীরা শুধু বাড়িঘরে ভাঙচুরই চালায়নি, পরিবারের নারী সদস্যদেরও মারধর করেছে। আকস্মিক এ হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপত্তার কারণে ঘরের বাইরে বের হতে পারেননি।
ঘটনার পরপরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন খোকন, তার ছেলে আশরাফুল ইসলাম অন্তর এবং হোসেন বাদশাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ঘটনার পরপরই অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, হামলার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে টঙ্গী পশ্চিম থানা তাঁতীদল। দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মনোয়ার হোসেন খোকনকে সাধারণ সম্পাদক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।