৭৫ হাজার জাল টাকাসহ একজন গ্রেফতার

৭৫ হাজার জাল টাকাসহ একজন গ্রেফতার

ফাইল ছবি

রংপুরে জাল টাকাসহ শাওন মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর গবড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাওন ওই এলাকার সুজন মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার ৫’শ টাকার জাল টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

 র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কুতুবপুর গবড়া এলাকার হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় শাওন মিয়াকে গ্রেফতারসহ তার দেহ তল্লাশী করে পকেটে থাকা ৫’শ টাকার ১৫১টি জাল নোট উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দীর্ঘদিন ধরে জাল টাকা সংরক্ষণ বিতরণ ও বাজারজাত করার সাথে জড়িত ছিল।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে শাওনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। সেই সাথে এই ধরনের প্রতিটি চক্রকে গ্রেফতারে র‌্যাব অভিযান অব্যাহত রেখেছে।