‘তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে উন্নয়নের অগ্রযাত্রা থামানো যাবে না’

‘তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে উন্নয়নের অগ্রযাত্রা থামানো যাবে না’

সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।

শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজসংলগ্ন মাহবুব খানের চাতালে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দক্ষিণবঙ্গ সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, মানুষের আস্থা, ভালোবাসা, দেশপ্রেম ও উন্নয়ন ভাবনার কারণে তারেক রহমানকে নিয়ে একটি মহল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব প্রচারণার মাধ্যমে জনগণের সমর্থন থেকে তাকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে যেমন বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছিল, তেমনি এখনও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু অতীতে সেই প্রচেষ্টা সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। কোনো অপশক্তিই অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না।

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি সফল করার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ কেন্দুয়া, মস্তফাপুর, ঘাটমাঝি, ঝাউদী ও খোয়াজপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।