অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় নিচু এলাকা প্লাবিত
সংগৃহীত ছবি
অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গার নিচু এলাকা প্লাবিত হয়েছে। জেলা শহরের চাঁদমারি মাঠ, আরামপাড়া, দক্ষিণ হাসপাতালপাড়া, গুলশান পাড়াসহ নিচু সব এলাকায় পানি জমে গেছে। অনেক সড়কেও দেখা দিয়েছে জলাবদ্ধতা।
প্রবল বৃষ্টির কারণে শহর এলাকায় মানুষের উপস্থিতি ছিল কম। বেশিরভাগ মানুষ দিনের বেশিরভাগ সময় ঘরে আবদ্ধ ছিলেন।
চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, আরামপাড়ার অনেকের বাড়িতে পানি ঢুকে গেছে। রাস্তায় জমে আছে পানি। পানি নিস্কাশন না হওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ।
শহরের গুলশানপাড়ার বাসিন্দা আসমত আলী বলেন, গুলশানপাড়া থেকে দক্ষিণহাসপাতাল পাড়া পর্যন্ত এলাকাটি অনেকটাই নিচু। এসব এলাকায় পানি জমে গেছে। পাড়ামহল্লার রাস্তাগুলোও পানির নিচে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শুক্রবার ভোর ৩.৪০ থেকে সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টিপাতে ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকালের দিকে কিছুটা বিরতির পর দুপুরে আবারও গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে।