আলোচনা এগিয়ে নিতে এখনো আগ্রহী যুক্তরাষ্ট্র ও ইরান

আলোচনা এগিয়ে নিতে এখনো আগ্রহী যুক্তরাষ্ট্র ও ইরান

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরান এখনো আলোচনার মাধ্যমে যুদ্ধাবস্থা কাটিয়ে ওঠার ব্যাপারে আগ্রহী বলে মন্তব্য করেছেন উপসাগরীয় গবেষণা প্রতিষ্ঠান গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক দানিয়া থাফের।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে থাফের বলেন, দুই পক্ষের মধ্যেই আলোচনা এগিয়ে নেওয়ার আগ্রহ এখনো রয়েছে।

থাফের জানান, যুক্তরাষ্ট্র বলেছে, সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি হবে ‘পারফরম্যান্সভিত্তিক’। অর্থাৎ, ইরান যদি হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাসহ নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করে, তাহলে যুক্তরাষ্ট্রও ইরানকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোবে।

তবে তিনি সতর্ক করে বলেন, দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে সমঝোতা স্মারকের বেশ কিছু অস্পষ্ট বিষয় এখনো অমীমাংসিত, যা আলোচনার অগ্রগতিতে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে তিনটি কাতারি ও সৌদি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ওই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় আঘাত হানে। জবাবে বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে শুক্রবার (১০ জুলাই)  নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি।