মিয়ানমার থেকে ফেরার পথে সাড়ে ১২ লাখ টাকাসহ দুইজন আটক

মিয়ানমার থেকে ফেরার পথে সাড়ে ১২ লাখ টাকাসহ দুইজন আটক

প্রতিকি ছবি

মিয়ানমারে বাংলাদেশি পণ্য পাচার করে দেশে ফেরার সময় ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৯)।

রবিবার (১২ জুলাই) উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, দুপুরে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিআরএম-১৯ পিলার থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিলের গুইল্লাখালী এলাকায় দুই ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল।

 

পরে তাদের চ্যালেঞ্জ করে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানান, তারা বাংলাদেশ থেকে সার ও ভোজ্যতেল মিয়ানমারে পাচার করে ওই টাকা নিয়ে দেশে ফিরছিলেন। পরে আরও বিস্তারিত তল্লাশি চালানো হলেও তাদের কাছ থেকে অন্য কোনো অবৈধ মালামাল উদ্ধার হয়নি।

 

আটক দুইজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।