ভারী বৃষ্টির কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত
ফাইল ছবি
টানা ভারী বর্ষণ, ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা এবং বৈরী আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠাতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ভারী বর্ষণ, ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট ও দফতরে পরে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রশাসনিক ভবন, শিক্ষক ক্লাব, কেন্দ্রীয় খেলার মাঠ, নীলক্ষেত, পলাশীর মোড়, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের ক্লাসও বাতিল করা হয়।