ইয়ামালের সেই মন্তব্যের জবাব দিলেন কোনাতে

ইয়ামালের সেই মন্তব্যের জবাব দিলেন কোনাতে

সংগৃহীত ছবি

আগামী মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচের আগে উত্তাপ ছড়িয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, তার দল ‘কোনো কিছুকেই ভয় পায় না’। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি। ইয়ামালের এমন আত্মবিশ্বাসী মন্তব্যের জবাব দিয়েছেন ফ্রান্সের খেলোয়াড়রা।

কোয়ার্টার ফাইনালে জয়ের পর স্প্যানিশ এই তারকা বলেছিলেন, ‘ফ্রান্সের যদি কাউকে ভয় পাওয়ার থাকে, তবে সেটা আমাদেরকেই পাবে।’ এই প্রসঙ্গে তিনি ২০২৪ সালের ইউরো কাপের সেমি-ফাইনালে স্পেনের জয়ের কথাও মনে করিয়ে দেন।

জবাবে রোববার ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, ‘সত্যি বলতে বাইরে কে কী বলছে তা আমরা শুনছি না। আমাদের কাউকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিযোগিতার এই পর্যায়ে এসে আমাদের বিনয়ী থাকতে হবে এবং কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।’    

তিনি আরও যোগ করেন, ‘ও (ইয়ামাল) যা খুশি বলতে পারে, আমরা আমাদের সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। ম্যাচের শেষে দেখা যাবে কারা সেরা।’ ২০২৪ সালের ইউরো ছাড়াও ২০২৫ সালের নেশনস লিগের দেখায়ও ফ্রান্সের বিপক্ষে শেষ হাসি হেসেছিল স্পেন।

আরেক ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়া বলেন, ‘আমি বলব না যে আমরা ভয়ে আছি। আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি। এটাও জানি যে স্পেন খুব ভালো একটি দল এবং তারা দুর্দান্ত ফর্মে আছে। আমরা সবসময় জেতার জন্যই খেলি, আর আমাদের পুরো মনোযোগ সেদিকেই থাকবে।’

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমি-ফাইনাল ম্যাচটি হবে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে পাবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচের জয়ী দলকে।