‘ঝালমুড়ি’ নিয়ে গান গাইলেন বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ
বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চে তার পরিচয় একজন বিতর্কিত নেতা হিসেবে। বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ থেকে শুরু করে বাংলাদেশকেন্দ্রিক নানা বিতর্কিত মন্তব্যের কারণে বেশ পরিচিত পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী ও খড়গপুর বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ।
তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায় অবতীর্ণ হলেন এই হেভিওয়েট বিজেপি নেতা। রাজনীতির গণ্ডি পেরিয়ে এবার তিনি ধরা দিলেন গায়কের ভূমিকায়। বাঙালির অতি প্রিয় স্ট্রিট ফুড ‘ঝালমুড়ি’কে কেন্দ্র করে একটি মজাদার গানে কণ্ঠ দিলেন তিনি।
সোমবার (১৩ জুলাই) সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ শেষ করে দিলীপ ঘোষ সোজা পৌঁছে যান চিনার পার্ক সংলগ্ন একটি রেকর্ডিং স্টুডিওয়। সেখানে শিল্পী লোকেশ গিরি ও তার স্ত্রী রিমাশ্রীর লেখা এবং সুর করা একটি গানের রেকর্ডিংয়ে অংশ নেন মন্ত্রী।
জানা গেছে, গানটির কথায় রয়েছে বাঙালির প্রিয় ‘ঝালমুড়ি’কে ঘিরে একাধিক মজাদার উপমা ও ছন্দ। ‘আম আচারে টক মিলবে, অল্প দাও হে ভাই’, ‘চামচে নাড়ানাড়ি’, ‘জিভে জল আনে ঝালমুড়ি’- এমন নানা পংক্তিতে তৈরি হয়েছে হালকা মেজাজের এই গান। স্টুডিওতে দিলীপ ঘোষের গান গাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।
রাজনৈতিক মহলের মতে, গানটি শুধুই বিনোদন নয়, এর পেছনে রয়েছে এক রাজনৈতিক প্রেক্ষাপট। চলতি বছরের ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামে গিয়ে পথের ধারের এক দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর কৃষ্ণনগরের এক নির্বাচনি জনসভা থেকে প্রধানমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে বলেছিলেন, “আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।”
মন্তব্যটি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে। এরপর থেকেই বিজেপির বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক আড্ডায় ঝালমুড়ি যেন একপ্রকার প্রতীকী গুরুত্ব পেতে শুরু করে।
পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জুন মাসে নয়াদিল্লিতে এনডিএ-র এক বৈঠকেও ঝালমুড়ি ফের শিরোনামে আসে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী মোদিকে ঝালমুড়ি পরিবেশন করলে তাকে বলতে শোনা যায়, “ইয়ে ওয়ালা চাইয়ে।” সেই ভিডিওটিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এই রাজনৈতিক আবহেই এবার ঝালমুড়িকে কেন্দ্র করে তৈরি হলো নতুন গান, আর সেই গানে কণ্ঠ দিলেন বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ। রাজনীতির বাইরে তার এই নতুন অবতার আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে তা সময়ই বলবে। তবে গানটির মজাদার কথা ও দিলীপ ঘোষের উপস্থিতি মিলিয়ে এটি প্রকাশের পর যে ব্যাপক আলোচনার জন্ম দেবে, তা বলাই যায়।