কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক
ছবিঃ সংগৃহীত।
কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। এ সময় একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার শাপলা চত্বর এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। পরে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার সিরাতুল মুস্তাকিম জামে মসজিদের সামনের সড়কে চেকপোস্ট বসানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে মিঠাপানিরছড়া এলাকা থেকে একটি মোটরসাইকেলে দুই আরোহীকে আসতে দেখে থামানোর সংকেত দেয় র্যাব। এ সময় তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের পেছনে বসা নুরুল আমিনের হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের জাহালিয়া পাড়ার বাসিন্দা মো. আজিজ খান (২৩) এবং হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর বাসিন্দা নুরুল আমিন (৩৪)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ইয়াবা, মোটরসাইকেল ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।