রাজধানীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় নওরীন নামের তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ী মসজিদ মার্কেটের পার্শ্ববর্তী ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা মো. নাজিম জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তারা বেগুনবাড়িতে থাকেন।

তিনি পেশায় রিকশাচালক আর শিশুটির মা শিরিন আক্তার গৃহিণী। তাদের একমাত্র সন্তান নওরীন। বিকেলে বাবা-মা দুজনের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল। তখন বাবার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় শিশুটি।

সঙ্গে সঙ্গে একটি অটোরিকশা এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়লে মাথায় গুরুতর আঘাত পায় সে।

নাজিম আরো জানান, সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।